একটি মৃত্যুতে যেন থমকে গেছে পুরো এলাকা। হাসিমুখে ক্রিকেট খেলে বেড়ানো প্রাণবন্ত তরুণ জহির পাটোয়ারী (২৬) আর নেই। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। অল্প বয়সে জহিরের এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্বজন, প্রতিবেশী ও এলাকার বাসিন্দারা।
নিহত জহির পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী গ্রামের খালেক পাটোয়ারী বাড়ির দেলোয়ার পাটোয়ারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর জহিরকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।
শুক্রবার (১৬ অক্টোবর) আসরের নামাজের পর নিজ বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জহিরের মৃত্যুতে তাঁর পরিবারে নেমে এসেছে শোকের মাতম। একই সঙ্গে পুরো গ্রামজুড়ে বিরাজ করছে শোকের পরিবেশ। যাঁর হাসিমুখ ও ক্রিকেট খেলার স্মৃতি ঘিরে ছিল এলাকার মানুষের দিনযাপন, সেই তরুণের অকালমৃত্যুতে শোকাহত সবাই।



















