ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তরুণ ক্রিকেটার রাকিবুল হোসেনের। ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। আসন্ন এই টুর্নামেন্টে ওমানের মাটিতে লাল-সবুজের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন প্রতিভাবান এই অলরাউন্ডার।
রাকিবুল হোসেন মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ফতুয়াকান্দি গ্রামের মরহুম মুহাম্মদ সাদেক হোসেনের দ্বিতীয় ছেলে। শৈশব থেকেই ক্রিকেটের প্রতি প্রবল আগ্রহ ছিল তাঁর। সেই আগ্রহকে পুঁজি করে দীর্ঘদিনের অনুশীলন, কঠোর পরিশ্রম ও নিজের দক্ষতার প্রমাণ দিয়ে দেশের বয়সভিত্তিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন তিনি।
জাতীয় পর্যায়ে নিজের সামর্থ্যের স্বাক্ষরও রেখেছেন রাকিবুল। সম্প্রতি আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে ব্যাট হাতে নজর কাড়েন তিনি। গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত ম্যাচে মাত্র ৭৮ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা তাঁকে একজন সম্ভাবনাময় অলরাউন্ডার হিসেবে এগিয়ে নিয়েছে।
এবার এশিয়া কাপের মতো বড় আন্তর্জাতিক আসরে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন মতলব উত্তরের এই তরুণ। তাঁর এই সাফল্যে আনন্দিত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ নিজ এলাকার মানুষ। স্থানীয়দের প্রত্যাশা, রাকিবুলের হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে পরিচিতি পাবে ফতুয়াকান্দি গ্রাম ও মতলব উত্তর উপজেলা।
ওমানের মাটিতে ভালো খেলা উপহার দিয়ে দেশের জন্য গৌরব বয়ে আনতে চান রাকিবুল। তাঁর এই স্বপ্নযাত্রা সফল হোক—এমন প্রত্যাশা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের।
এদিকে রাকিবুলের নিরাপদ যাত্রা, সুস্বাস্থ্য এবং এশিয়া কাপে ভালো পারফরম্যান্সের জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।
মতলব উত্তরের রাকিবুলের সামনে আন্তর্জাতিক ক্রিকেটের নতুন অধ্যায়, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে যাচ্ছেন ওমানে
-
অনলাইন ডেস্ক - আপডেট : ১২:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- 43
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ











