দেশজুড়ে ছড়িয়ে থাকা সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো আর অব্যবহৃত পড়ে থাকবে না। সেগুলোকে স্বাস্থ্যখাতে কাজে লাগিয়ে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্রে রূপান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার অব্যবহৃত ভবনগুলো চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ১৭০টি পরিত্যক্ত ভবন স্বাস্থ্যসেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, সরকারি সম্পদ যেন নষ্ট না হয়—বরং তা জনগণের কল্যাণে ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিত্যক্ত ভবনগুলো দ্রুত সংস্কার করে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।
একই সঙ্গে ই-হেলথ কার্ড চালুর কাজও দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান। সরকারের লক্ষ্য হচ্ছে চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যখাতকে আরও আধুনিক ও সহজপ্রাপ্য করে তোলা।
স্বাস্থ্যখাতে নতুন উদ্যোগ: পরিত্যক্ত স্থাপনায় হবে আধুনিক চিকিৎসাকেন্দ্র
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- 111
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ










