আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া আলোচিত দুটি সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’-এ জুনিয়র আর্টিস্ট ও মডেল নির্ধারণের দায়িত্বে কাজ করেছেন চাঁদপুরের কচুয়া উপজেলার তরুণ মিডিয়া কর্মী রেজাউল করিম।
জানা যায়, দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং অভিনেতা সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’—এই দুই সিনেমাতেই মডেল ও জুনিয়র আর্টিস্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ‘রাক্ষস’ সিনেমাটি পরিচালনা করছেন ‘বরবাদ’ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং ‘প্রিন্স’ সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ।
রেজাউল করিম জানান, সিনেমার লিড চরিত্রের বাইরে বিভিন্ন দৃশ্যের জন্য যেসব জুনিয়র আর্টিস্ট প্রয়োজন হয়, সেগুলো নির্ধারণের কাজ তিনি করে থাকেন। এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এই দুই সিনেমায় কাজ করতে পেরে তিনি বেশ আনন্দিত।
তিনি আরও জানান, গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’, ‘দাগি’, ‘শেষবাজি’, ‘ইনসাফ’সহ বেশ কয়েকটি সিনেমাতেও মডেল নির্ধারণের কাজে যুক্ত ছিলেন।
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল কলেজ থেকে ২০১৯ সালে এইচএসসি পাস করে পড়ালেখার জন্য ঢাকায় আসেন রেজাউল করিম। পরে তিনি মিরপুর সরকারি বাংলা কলেজে অনার্সে ভর্তি হন। পড়ালেখার পাশাপাশি মিডিয়ায় কাজ শুরু করেন তিনি।
রেজাউল করিম ইতোমধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েব সিরিজে কাস্টিংয়ের কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ‘মহানগর-২’, ‘জিম্মি’, ‘কারাগার’, ‘আঁকা’, ‘দাগ’, ‘ফাঁদ’সহ আরও অনেক ওয়েব সিরিজ। এছাড়া টিভি নাটক ও বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করছেন তিনি।
তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ৪০০-এর বেশি টিভি বিজ্ঞাপনে মডেল নির্ধারণের কাজ করেছেন। বিশেষ করে ঈদের জনপ্রিয় গ্রামীণফোনের বিজ্ঞাপন ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’-এ গত চার বছর ধরে জুনিয়র মডেল নির্ধারণের দায়িত্ব পালন করছেন তিনি।
রেজাউল করিম বলেন, নির্মাতা শাহরিয়ার পলকের হাত ধরে ২০২১ সালে বিএসআরএম-এর একটি বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় তার যাত্রা শুরু হয়। শুরু থেকেই তিনি একজন কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করার স্বপ্ন দেখতেন।
সম্প্রতি স্কয়ার গ্রুপের মেরিল ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনে শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগও পেয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন সময়ে আড়ং, সেইলর, এফএক্স, বাটা, বে, প্রাণ-আরএফএল, ওয়ালটন, ভিভো, ইনফিনিক্স, কোকা-কোলা, ফ্রেশ, স্প্রাইট, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, নগদ ও বিকাশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল নির্ধারণ করেছেন।
বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব, অমিতাভ রেজা চৌধুরী, আজমান রোশোসহ দেশের বেশ কয়েকজন খ্যাতনামা পরিচালকের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
টিভি নাটকে অপূর্ব, মুশফিক আর ফারহান, নিলয় আলমগীর, জাহের আলভি, আরশ খানসহ অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর সঙ্গেও কাজ করেছেন তিনি। জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদের গল্প’-এও কাজ করার সুযোগ হয়েছে তার।
রেজাউল করিম বলেন, “এই রমজানে সিনেমা, বিজ্ঞাপন ও নাটক মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি। সামনে কোরবানির ঈদকে কেন্দ্র করে আরও একটি সিনেমার কাজ নিয়ে আলোচনা চলছে। যারা নতুন করে মিডিয়ায় কাজ করতে আগ্রহী, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে মিডিয়ায় নিজের অবস্থান শক্ত করতে চান। এজন্য সবার দোয়া কামনা করেছেন তিনি।










