কুমিল্লার বরুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বলাকা পরিবহনের একটি বাস খাদে পড়ে আতিকুল্লাহ সবুজ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের পাঁচ যাত্রী। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার দেওড়া ফকিরা মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুল্লাহ সবুজ বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের হাজারপাড় গ্রামের বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত বাসটির হেলপার ছিলেন।
বাসটির চালক মনিরের ভাষ্য, স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটির মালিকও তিনি এবং দুর্ঘটনার সময় নিজেই চালাচ্ছিলেন বাসটি।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বরুড়ায় ফিটনেসবিহীন বাস চলাচলের সংখ্যা বেশি। এসব যানবাহনের ফিটনেস যাচাই ও চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন। তাঁদের আশঙ্কা, যান্ত্রিক ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটতে পারে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটির হেলপার নিহত হয়েছেন। মরদেহসহ বাসটি থানায় নেওয়া হবে। দুর্ঘটনায় পল্লী বিদ্যুতের একটি খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















