চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৮৬নং গোয়াল ভাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
তিনি আরও বলেন, শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব অনেক বেশি। সন্তানদের পড়াশোনার নিয়মিত খোঁজখবর রাখা, বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতা করা প্রত্যেক অভিভাবকের কর্তব্য। পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, মেধা ও মননের বিকাশ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের প্রতি বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম মৃধা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ নাসির উদ্দিন মৃধা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গণি তপাদার, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি শহিদুল্লাহ মোল্লা, গোয়াল ভাওর কমিউনিটি ক্লিনিকের সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, জেলা যুবদলের সাবেক সদস্য গোলাম কাদির, সমাজসেবক গোলাম মোস্তফা প্রধান, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম তুষার এবং ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন মাঝি।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও কমিটির সদস্যরা।
অভিভাবক সমাবেশের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়।
গোয়াল ভাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশ
-
মনিরুল ইসলাম মনির - আপডেট : ০৫:২০:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- 25
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















