চাঁদপুর জেলার সদর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে ট্রাফিক আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়।
চাঁদপুর সদর উপজেলায় সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৭৪টি যানবাহন তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেল চালক ও প্রাইভেট গাড়ির বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া লাইসেন্স না থাকার দায়ে ৫টি মোটরসাইকেল জব্দ করে থানায় পাঠানো হয়।
ফরিদগঞ্জ উপজেলায় সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে ১১৭টি যানবাহন তল্লাশি করা হয়। অভিযানে ৩টি মামলা করা হয় এবং আদায় করা হয় ১৫ হাজার টাকা জরিমানা। এ সময় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।
কচুয়া উপজেলায় সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। মোট ১২০টি যানবাহন তল্লাশি করে ৩টি মামলা করা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ৪টি মোটরসাইকেল জব্দ করে থানায় হস্তান্তর করা হয়।
ট্রাফিক আইন মেনে চলা এবং যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

















