চাঁদপুরের হাজীগঞ্জে অনুষ্ঠিত হলো এক অনন্য ফুটবল উৎসব। উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে শুরু হয়েছে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন প্রিমিয়ার লীগ (UAPL)। এর অংশ হিসেবে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হয় এক রোমাঞ্চকর ফুটবল ম্যাচ, যেখানে উপজেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউএনও’র বিপক্ষে মাঠে নামেন হাজীগঞ্জ থানার ওসি।
হাজীগঞ্জ উপজেলা স্টাফ কোয়ার্টারের মাঠে বিকেল পাঁচটায় শুরু হওয়া ম্যাচে উপজেলা নির্বাহী অফিস দল ৩-১ গোলের ব্যবধানে জয় লাভ করে।
এই ম্যাচে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জাহিদ হোসেন ১ গোল, রফিকুল ইসলাম ২ গোল করেন। অন্যদিকে, হাজীগঞ্জ থানার একমাত্র গোলটি করেন অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক।
৫০ মিনিটের এই খেলায় দুই অর্ধে ২৫ মিনিট করে খেলা হয়, সাথে অতিরিক্ত ১০ মিনিট যোগ করা হয়। ম্যাচটি পরিচালনা করেন রেফারি শাহ আলম।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং অসংখ্য স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক।
হাজীগঞ্জে এ ধরনের অনন্য আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে।

















