আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলায় এবারের সবচেয়ে আলোচিত বিষয়—একই পরিবারের দুই ভাইকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। জেলার দু’টি গুরুত্বপূর্ণ আসনে এবার পরিবার থেকেই উঠে এসেছেন দুই প্রার্থী, যা রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে জেলার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন টাঙ্গাইল-৫ (সদর)-এ মনোনয়ন গেছে তার ভাই, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ঝুলিতে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে অঘোষিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তালিকা প্রকাশের পর মুহূর্তেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
প্রথম দফায় টাঙ্গাইল জেলার ৮ আসনের মধ্যে ৭টিতে প্রার্থী ঘোষণা করা হলেও টাঙ্গাইল-৫ (সদর) আসনটি ছিল শূন্য। এতে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের মাঝে জমেছিল অপেক্ষার মেঘ। অবশেষে দ্বিতীয় দফায় ঘোষণা এলে নিশ্চিত হয় টুকুর মনোনয়ন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই পরিবারের দুই ভাইকে দুটি আসনে মনোনীত করা বিএনপির জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত। এতে স্থানীয় নেতাকর্মীরা যেমন উৎসাহিত হয়েছেন, তেমনি জেলার নির্বাচনী মাঠেও নতুন আলোচনার জন্ম দিয়েছে।
টাঙ্গাইলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করে এবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী লড়াইয়ে নামছেন সালাম পিন্টু ও সালাউদ্দিন টুকু—দু’জনই এক পরিবারের, তবে দুই ভিন্ন আসনে। জেলার রাজনৈতিক অঙ্গনে অনেকেই এটিকে “পারিবারিক শক্তি প্রমাণের নির্বাচন” হিসেবেও দেখছেন।












