মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে সম্ভাব্য পারমাণবিক বা রাসায়নিক হামলার ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে সম্ভাব্য হামলার আগেই অঞ্চলজুড়ে জরুরি চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে।
ডব্লিউএইচওর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হানান বালগি এক সাক্ষাৎকারে বলেন, দীর্ঘদিন ধরেই এ অঞ্চলে পারমাণবিক বা রাসায়নিক হামলার ঝুঁকি নিয়ে উদ্বেগ ছিল। সেই কারণে আগেভাগেই প্রস্তুতিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি জানান, সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা জোরদার করা হয়েছে। পাশাপাশি চিকিৎসা সহায়তা, প্রতিরোধমূলক নির্দেশনা এবং স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।
সংবাদমাধ্যম The Telegraph জানিয়েছে, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আন্তর্জাতিক সংস্থাগুলো নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো মানবিক সংকট মোকাবিলায় প্রস্তুত রয়েছে।




















