কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মরদেহ ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) ভোরে ক্যাম্পের একটি ওয়াশরুমের ভেতর থেকে দরজা কেটে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পুলিশ কর্মকর্তা রুবেল হোসেন (৩১) চাঁদপুরের মতলব উপজেলার চেঙ্গারচর পৌরসভার রুহিতারপার গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সিরাজ প্রধানের ছোট ছেলে। রুবেল হোসেন ১৪ এপিবিএনের অধীনে উখিয়ার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে এএসআই (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, শুক্রবার বিকেলে ক্যাম্পে নিয়মিত রোলকলের সময় এএসআই রুবেল হোসেন অনুপস্থিত ছিলেন। এরপর ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে তাঁর খোঁজ শুরু করেন। তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
পরে শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার সময় ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় ধরে বন্ধ দেখতে পান। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে একজনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
খবর পেয়ে ১৪ এপিবিএনের সদস্যরা, উখিয়া থানা-পুলিশ ও সংশ্লিষ্ট চিকিৎসক ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ওয়াশরুমের স্টিলের দরজা কেটে রুবেল হোসেনকে উদ্ধার করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তল্লাশির সময় ওয়াশরুমের ভেতর থেকে রুবেল হোসেনের ব্যবহৃত গোসলের তোয়ালে, টর্চলাইট, মোবাইল ফোন ও সিগারেট উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ওয়াশরুমে থাকা অবস্থায় আকস্মিক স্ট্রোক অথবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
চাঁদপুরের মতলব উপজেলার চেঙ্গারচর পৌরসভার রুহিতারপার গ্রামের সন্তান রুবেল হোসেনের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পরিবারের স্বজনরা জানান, কর্মজীবনে রুবেল হোসেন দায়িত্বশীলতার সঙ্গে পুলিশ বাহিনীতে কাজ করে আসছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুম থেকে চাঁদপুরের এএসআই রুবেলের ম’র’দেহ উ’দ্ধার
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৩:২৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- 160
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















