চাঁদপুর শহরের ছায়াবাণী রেললাইন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার পরপরই এ দুর্ঘটনা ঘটে।
নিহত তায়েবা আক্তার চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী এলাকার তাজুল ইসলাম ও আমেনা বেগমের মেয়ে। সে বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর স্টেশন থেকে ছেড়ে ছায়াবাণী রেলক্রসিং অতিক্রম করার কিছুক্ষণ পর রেললাইনে থাকা ওই শিক্ষার্থী ট্রেনের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তার সঙ্গে থাকা পরিচয়পত্রের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
এদিকে, বৃহস্পতিবার মাদ্রাসাটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের মধ্যেই তায়েবার মৃত্যুর খবর পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো মাদ্রাসা প্রাঙ্গণে নেমে আসে শোকের ছায়া।
তায়েবার আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আনন্দের দিন রূপ নিল বিষাদে, ট্রেনের নিচে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৬:০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- 865
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















