কুমিল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাডো গাড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা জেলা ডিবি পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মাদকের একটি চালান বহনের খবর পেয়ে সাদা রঙের প্রাডো গাড়িটিকে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে অনুসরণ করা হয়। পরে কোতোয়ালী থানাধীন জাগুরঝুলি এলাকার কৃষ্ণনগরে গাড়িটি আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাডো গাড়িটিও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তাদের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায়। তারা গতকাল কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। রাতে চট্টগ্রামে অবস্থান করার পর সোমবার সকালে পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের চোরাচালান, পরিবহন, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কুমিল্লায় প্রাডো গাড়ীতে মিলল ১৫ কোটি টাকা ৩ লাখ ই’য়াবা, আটক ২
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৯:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- 151
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















