হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে নূহা আক্তার নামের সাত বছর বয়সি এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামূড়া গ্রামের আমিন উদ্দিন শেখ বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির জুলহাস শেখের মেয়ে। তার মৃত্যুতে পরিবারের সদস্য, নিকট আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, এদিন বিকালে নিজ বাড়ির উঠানেই খেলাধূলা করছিল শিশু নূহা। এরপর বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবার ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে নিজ বাড়ির পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষ-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহতের নিকট আত্মীয় মো. শরীফ হোসেন জানান, স্কুল থেকে ফিরে এসে অন্যান্য শিশুদের সাথেই বাড়ির উঠানো খেলাধূলা করছিল নূহা। খেলাধূলার এক ফাঁকে হয়তো সবার অগোচরে শিশুটি পুকুরের গিয়ে পানিতে তলিয়ে যায় এবং সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা যায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে শিশু নূহা মারা গেছে। তিনি বলেন, যেহেতু বর্ষাকাল চারদিকে পানি তাই, পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে এবং যেসব শিশুরা সাঁতার জানেনা, সেসব পারিবারের সদস্যদের আরো বেশি সর্তকতা ও সচেতন থাকতে হবে।




















