মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উনকিলা রেলওয়ে বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। উনকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উনকিলা উচ্চ বিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান।
সমাবেশে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে উনকিলা রেলওয়ে বাজার থেকে উনকিলা উচ্চ বিদ্যালয় পর্যন্ত একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিতে প্রায় ৬০০ থেকে ৭০০ জন অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।




















