বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
সভাপতির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “অনেক দিন পর আমরা মুক্তভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি। এটি আমাদের জন্য আনন্দের বিষয়।”
তিনি বলেন, চাঁদপুরের বিভিন্ন এলাকার পুকুর ও জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। এসব জলাশয়ে মাছ চাষের ব্যবস্থা করা হবে এবং আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে মাছ অবমুক্ত করা হবে। একই সঙ্গে সদর ও হাইমচর উপজেলায় আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে ৪ হাজার গাছ রোপণ করা হবে।
বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, একটি দল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কিছু মানুষ মানুষের দ্বারে দ্বারে গিয়ে মিথ্যা তথ্য দিচ্ছেন। সকল অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।
তবে নেতাকর্মীদের সতর্ক করে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “কোনো ব্যক্তি বা নেতাকর্মী আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো সমস্যা বা অপরাধের ঘটনা ঘটলে প্রশাসনের সহযোগিতা নিতে হবে।”
স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকারের বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে। চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার চেষ্টা চলছে। এর আগে কোনো সরকার এ উদ্যোগ নেয়নি বলেও দাবি করেন তিনি।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “এই চাঁদপুরে মাদক থাকবে না—আমরা তা দেখিয়ে দেব।” একই সঙ্গে ইভটিজিং ও চাঁদাবাজির বিরুদ্ধেও সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এসব বিষয়ে আইন নিজের হাতে না তুলে প্রশাসনের সহযোগিতা নেওয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের যৌথ সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, অ্যাডভোকেট এ টি এম মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনূর বেগম, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা মুক্তা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসমাইল হোসেন।
জনসভায় চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
চাঁদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভা অনুষ্ঠিত
-
স্টাফ রিপোর্টার - আপডেট : ০৭:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- 42
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















