চাঁদপুরের শাহরাস্তিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদক নির্মূলে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত শাহরাস্তি মডেল থানার উদ্যোগে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী ডিগ্রি কলেজ ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত মাদকবিরোধী র্যালিতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গৌতম চন্দ্র হালদারসহ থানার অন্যান্য পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
এছাড়া র্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৭০০ থেকে ৮০০ জন অংশ নেন।
র্যালিটি চিতোষী ডিগ্রি কলেজ ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।




















