“মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি”-এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম ফতেহপুর ইউনিয়নে মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মাদকবিরোধী র্যালি বের হয়। র্যালিটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান।
ইউনিয়ন বিএনপি’র নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাউরী আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফায়েজী’সহ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি কামরুল হাসান বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে তরুণদের মাদক থেকে দূরে রাখতে ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “মাদক সেবনকারী, মাদক বিক্রেতা এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই মাদক ব্যবসাকে প্রশ্রয় দেওয়া হবে না। তবে শুধু আইন প্রয়োগ করলেই হবে না। মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আসুন, সবাই মিলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি এবং আমাদের সন্তানদের জন্য একটি সুস্থ ও নিরাপদ সমাজ নিশ্চিত করি।”
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।




















