চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।
তিনি জানান, ময়নাতদন্তের উদ্দেশ্যে কবর থেকে মরদেহ উত্তোলনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে চাঁদপুর জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসক আবেদনটি অনুমোদন করেছেন। তবে ঠিক কোন দিন মরদেহ উত্তোলন করা হবে, তা পরবর্তীতে জানানো হবে।
সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পরের দিনটিতে এলাকায় ব্যাপক উত্তেজনার মধ্যে তিনি ও তার ছেলে শান্ত খান নিহত হন। পরে তাদের মরদেহ নিজ বাড়ি লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে দাফন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এলাকা ছাড়ার সময় সেলিম খান ও শান্ত খান বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার এলাকায় জনরোষের মুখে পড়েন। সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও পরে বাগড়া বাজার এলাকায় আবারও জনতার মুখোমুখি হন তারা। সেখানে গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। ওই সময়কার পরিস্থিতির কারণে মরদেহের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। পরে ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফন সম্পন্ন করা হয়।
এখন আদালতের নির্দেশনা অনুযায়ী ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ কবর থেকে উত্তোলন করা হচ্ছে।
যে কারণে কবর থেকে তোলা হচ্ছে সেলিম খান-শান্ত খানের মরদেহ
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৬:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- 1186
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















