চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সুজাতপুর ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেন কলেজের শিক্ষক, অতিথি ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা তাদের উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজাতপুর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মোঃ বোরহান উদ্দিন।
অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ পারভেজের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোঃ আতাউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল আমিন রহমান প্রধান, বিদ্যুৎসাহী সদস্য মোঃ আফজাল হোসেন, মোঃ সফিকুল ইসলাম, মোঃ লিয়াকত হোসেন এবং হিত্যোষী সদস্য মোঃ আরিফ হোসেন, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মকবুল হোসেন, শিক্ষানুরাগী ইয়াছিন পাটোয়ারী,সুজাতপুর কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ নুরুল আমিন পাটোয়ারী, সহকারী অধ্যাপক সুব্রত দাস, সহকারী অধ্যাপক নিজাম উদ্দিন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী, একাদশ শ্রেণীর শিক্ষার্থী মাহী।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট বোরহান উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদেরকে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে। সুজাতপুর ডিগ্রি কলেজ থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এটাই আমাদের প্রত্যাশা। নতুন শিক্ষার্থীদের সাফল্যের জন্য কলেজের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে কলেজের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা মেনে চলা এবং শিক্ষাজীবনের শুরু থেকেই ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় নবীন বরণ অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।




















