চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন স্থানে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাহরাস্তি ইউথ ফোরাম। সংগঠনটির উদ্যোগে বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
শাহরাস্তি ইউথ ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইমতিয়াজ সিদ্দিকী তোহার ব্যক্তিগত উদ্যোগে গত সেপ্টেম্বর মাসজুড়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আয়োজকরা জানান, নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় বৃক্ষনিধন রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি স্বেচ্ছাশ্রমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে শাহরাস্তি ইউথ ফোরামের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন স্বপন, সহসভাপতি মো. বোরহান উদ্দিন মিয়াজি, কামরুল হাসান, ফিরোজ আহমদ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক আহাদুল ইসলাম ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি ভবিষ্যতেও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


















