চাঁদপুরের কচুয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষার্থীরা দলীয় কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে।
দিনব্যাপী আয়োজনে দৌড়, দীর্ঘ লম্ফ, যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি গান, নাচ ও আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেসবাউদ্দিন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়তা করে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।



















