চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী বলেছেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ফতেপুর পশ্চিম ইউনিয়নকে ডিজিটালাইজড করার উদ্যোগ নেব। ইউনিয়নের সব ধরনের ডিজিটাল নাগরিক সেবা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করব। পাশাপাশি জনগণের দোরগোড়ায় ইউনিয়ন পরিষদের সেবা পৌঁছে দিতে কাজ করব।”
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উত্তর নাউরী দারুল উলূম হযরত বেলাল (রাঃ) হাফিজিয়া ও কওমি মাদ্রাসা এবং নবুরকান্দি হাজী মীর বজলুর রহমান ও মোসাম্মাৎ মাজেদা বেগম মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম ইলিয়াস আলী বলেন, “আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান, আপনারা এমন একজন ব্যক্তিকে চেয়ারম্যান নির্বাচিত করবেন, যাকে সন্তানের মতো শাসন করতে পারবেন। জনপ্রতিনিধি জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকলে দুর্নীতি করার সুযোগ থাকবে না। জনগণের আমানতের খেয়ানত করার সুযোগও থাকবে না।”
তিনি আরও বলেন, “আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান হওয়ার সুযোগ দেন, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে ফতেপুর পশ্চিম ইউনিয়নের উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়ন করব। সরকারি বরাদ্দের এক চুল পরিমাণও অপচয় বা নয়ছয় হতে দেব না। ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এ সময় তিনি মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে তাঁর প্রচারণা কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
মিলাদ, দোয়া ও আলোচনা সভা শেষে তিনি মাদ্রাসার এতিম শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচিত হলে ফতেপুর পশ্চিম ইউনিয়নকে ডিজিটালাইজড করব : এম ইলিয়াস আলী
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট : ০৬:০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- 27
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















