তরপুরচণ্
চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন চাঁদপুর সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলম খান মঞ্জু।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাদ আসর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মধ্য তরপুরচণ্ডী আলী দাখিল মাদ্রাসার সামনে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে তিনি এ কার্যক্রম শুরু করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। দোয়া-মুনাজাত শেষে তিনি উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
নিজের রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অ্যাডভোকেট আলম খান মঞ্জু বলেন, “আমি দীর্ঘদিন ধরে ইউনিয়নের রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছি। গত নির্বাচনেও আমি অংশগ্রহণ করেছি। এবার দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং মূল্যায়ন করে, তাহলে অবশ্যই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনারা দেখেছেন, আমার ইউনিয়নের ভোটার ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমার এই নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করেছেন। এতে আমি অনুপ্রাণিত।”
স্থানীয় নেতাকর্মীরা জানান, আলম খান মঞ্জু দীর্ঘদিন ধরে তরপুরচণ্ডী ইউনিয়নের তৃণমূল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। রাজনৈতিক প্রতিকূল সময়েও তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারও তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশী। নেতাকর্মীদের প্রত্যাশা, তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক ভূমিকা দলীয় মনোনয়ন বিবেচনায় গুরুত্ব পাবে।
দোয়া-মুনাজাতের মধ্য দিয়ে গণসংযোগ শুরুর মাধ্যমে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের উদ্যোগ নিয়েছেন বিএনপির এই নেতা।



















