চাঁদপুরের শাহরাস্তিতে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন ও সচেতনতামূলক সভা করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমদ জিয়াউর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেল ৩টা থেকে তাঁর এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়। প্রথমে তিনি শাহরাস্তি থানা পরিদর্শন করেন এবং সেখানে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে গার্ড অব অনার গ্রহণ করেন।
পরে তিনি ফটিকখিরা এস এ বালিকা উচ্চ বিদ্যালয়ে হাইজিন কর্নারের উদ্বোধন করেন। এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমদ জিয়াউর রহমান।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি গল্পের বই, উপন্যাস ও কবিতা পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কবিতা আবৃত্তি ও সংগীতচর্চার মাধ্যমেও নিজেদের প্রতিভা বিকাশে মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীল ও সুস্থ সংস্কৃতিচর্চায় উৎসাহিত করতে তিনি বিদ্যালয়ের জন্য দুটি ফুটবল উপহার দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মনিরা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান।
সহকারী শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এমএসসি’র সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।
পরিদর্শন কার্যক্রমের শেষ পর্যায়ে জেলা প্রশাসক শাহরাস্তি পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় পৌর প্রশাসক মনিরা খাতুন সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।



















