মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
শাহরাস্তিতে বিলের পানিতে ডুবে উর্মি (১৫) নামের নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের শিবপুর গ্রামের এই ঘটনা ঘটে। উর্মি চাঁদপুর পৌরসভাধীন ষোলঘর এলাকার এস.এম রাজ্জাকের মেয়ে ও বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, উর্মি ও তার বোন চাঁদপুরের ষোলঘর এলাকার নিজ বাড়ি থেকে বুধবার শাহরাস্তির শিবপুর গ্রামে নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের বিলে নৌকায় করে ঘুরতে যায় সে ও তার বোন। এ সময় নৌকা থেকে পানিতে পড়ে যায় উর্মি। কিন্তু সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়।
পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে উর্মিকে মৃত ঘোষণা করেন। এদিকে উর্মির মৃত্যুতে তার পরিবার ও নিকট আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এদিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা জানান, হাসপাতালে আনার পূর্বেই উর্মির মৃত্যু হয়েছে। এ সময় তিনি পানিতে ডুবে মৃত্যুরোধে পারিবারিক সচেতনতার কথা বলেন।




















