স্টাফ রিপোর্টার:
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল-আমিন সরকারকে পুলিশ আটক করেছে। তার মুক্তির দাবীতে সোমবার (২০ মার্চ) রাতে থানার সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। জানা যায়, সাজেন্ট (অব.) আমান উল্লাহ সরকার ও আল-আমিন সরকার দু’জনই ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া শাহ সোলেমান শাহের লেংটার খলায় ওরশ ও মেলায় ১৬ মার্চ রাতে তালতলী এলাকার কিছু লোকজনকে চা-পান ও মিষ্টি খাওয়া নিয়ে বিরোধে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এতে বড় মরাদোন গ্রামের সার্জেন্ট (অব.) আমান উল্লাহ সরকারকে মারধর করা হয়। এতে তিনি মারাত্মক জখম হয়। স্থানীয়দের সহায়তায় তিনি মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেন। এ ঘটনা তিনি বাদী হয়ে মোঃ আল আমিন সরকার প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করে মতলব উত্তর থানায় একটি মামলা করা হয়।
ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী তদন্ত পূর্বক আসামী মোঃ আল আমিন সরকারকে সোমবার বিকেলে তালতলী এলাকা থেকে গ্রেপ্তার করে। এ ঘটনা তালতলী এলাকায় ছড়িয়ে পড়লে তার মুক্তির দাবীতে মতলব উত্তর থানার সামনে বিক্ষোভ করে এলাকার শত শত নারী-পুরুষ।




















