শাহরাস্তিতে কিশোরগ্যাং সদস্যদের হামলায় হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েতপুর এলাকার মুন্সী বাড়ির মো. শাহাজান মুন্সী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করে।
মারা যাওয়া যুবক শাহাজান মুন্সী ওই বাড়ির আলী আহম্মদের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক। এদিন বিকালে পাশ্ববর্তী গ্রাম শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজারে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, শাহরাস্তি উপজেলার সোনাচোঁ গ্রামে বালুর মাঠে ফুটবল খেলা হয়। ওই খেলাকে কেন্দ্র করে হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর এলাকার কিশোরদের সাথে মারামারির ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে উভয় এলাকার কিশোররা পাল্টাপাল্টি ধোপল্লা ও এনায়েতপুরে মারামারি করে।
সবশেষ বৃহস্পতিবার বিকালে এনায়েতপুর এলাকার সিএনজি চালক শাহজান মুন্সী যাত্রী নিয়ে ধোপল্লা বাজারে গেলে কিশোরগ্যাংয়ের সদস্যরা তার উপর অতর্কিত হামলা ও মারধর করে। এতে সে গুরুতর আহত হয়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এদিকে শাহজানের মৃত্যুর খবর পেয়ে ধোপল্লা বাজারে সকল দোকানপাট বন্ধ হয়ে যায়৷ এ ঘটনায় এনায়েতপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় পাশাপাশি অবস্থানকৃত দুই গ্রামের মাঝে সংঘর্ষের আংশকা করছেন স্থানীয়রা। তারা দুই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং তদন্তপূর্বক জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এ বিষয়ে অ্যাডভোকেট আবুল হাশেম আখন্দসহ এনায়েতপুর এলাকার লোকজন জানান, ধোপল্লা তালুকদার বাড়ি, চকিদার বাড়িসহ ধোপল্লা বাজার ও আশপাশের এলাকার প্রায় অর্ধশতাধিক কিশোরগ্যাংয়োর সদস্য এবং ওই এলাকার লোকজন শাহজানের উপর হামলা করে। এতে সে মারা যায়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, খবর পেয়ে শাহরাস্তি খানার অফিসার ইনচার্জকে অবহিত করে আমি তাৎখনিক এনায়েতপুর এলাকায় এসেছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেহেতু শাহরাস্তি এলাকায় এ ঘটনা ঘটেছে, শাহরাস্তি থানা আইনানুগ ব্যবস্থা নিবে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, পুলিশ কাজ করছে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


















