রাজধানীর কামরাঙ্গীরচরের খোলামুরা ঘাট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আজ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচর সেনা ক্যাম্প থেকে একটি বিশেষ দল খোলামুরা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন ৬ কিশোরকে আটক করা হয়, যাদের কাছ থেকে উদ্ধার করা হয় একাধিক দেশীয় ধারালো অস্ত্র।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই গ্যাং সদস্যরা দীর্ঘদিন ধরেই এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। সেনাবাহিনীর এ পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং আশা করছেন এর মাধ্যমে এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে, যেকোনো ধরনের অপরাধ কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
সূত্র-প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী




















