চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য তানজিল (১৮) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে ২০২৫) সন্ধ্যা ৭টা ৪ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও সদর থানা পুলিশের একটি যৌথ টিম এই অভিযান পরিচালনা করে।
জানা যায়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার একটি নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য তানজিলকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃত তানজিলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী এক কর্মকর্তা জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। এদিকে অভিযানে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছে এবং নিয়মিত এ ধরনের পদক্ষেপ কামনা করেছে। চিহ্নিত গ্যাং সদস্যদের তালিকা অনুযায়ী আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযান চলছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চাঁদপুর সদর জোনের নিরাপত্তা জোরদারে সেনা ও পুলিশ বাহিনী সমন্বয়ে বিশেষ টহল জোরদার করা হয়েছে।




















