চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ধারালো অস্ত্র ও মোবাইল ফোন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে জড়িত বলে জানা গেছে।
গত ১৩ জুন ২০২৫ (বৃহস্পতিবার) রাত ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং মতলব দক্ষিণ থানা পুলিশের সমন্বয়ে ঘোড়াদারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতরা হলেন—আব্দুল খালেক (১৮), আব্দুল সালাম (১৪), ফারহান তালুকদার (১৮), শান্ত বেপারী (১৭) ও সবুজ মিজি (১৮)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি ধারালো ছুরি, ১টি এন্টিকাটার, ১টি কাঁচি এবং ৪টি মোবাইল ফোন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে চলমান মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। যৌথ বাহিনী জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















