র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল মাদকবিরোধী অভিযানে কুমিল্লা থেকে ২৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গত ২১ জুলাই ২০২৫ ইং তারিখ সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ রাসেল (২৮) নামের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৭ কেজি গাঁজা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মো. রাসেল জানায়, সে কুমিল্লার চান্দিনা থানার নাওতলা গ্রামের মৃত হারুন মোল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিল।
র্যাব জানায়, এই অভিযান তাদের চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। মাদক একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে র্যাব-১১ জানিয়েছে, চাঁদপুরসহ বৃহত্তর কুমিল্লা অঞ্চলে মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত র্যাব-১১ এর অভিযানে মোট ৩৪৯ জনেরও বেশি মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ৯২টি আগ্নেয়াস্ত্র, ১২৯৩ রাউন্ড গোলাবারুদ, ১৫৭ জন হত্যা মামলার আসামি, ৬৬ জন ধর্ষণ মামলার আসামি, ৬৪ জন অপহরণকারী, ৭১ জন ছিনতাইকারী ও ডাকাত, ৩৮ জন জেল পালানো আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত প্রায় ৩৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব-১১ সূত্রে জানা গেছে।
সূত্র – প্রেস বিজ্ঞপ্তি র্যাব ১১




















