মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত সারাদেশে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারি এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি তৎপর রয়েছে।
মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রুহুল আমিন জানান, মা ইলিশ সংরক্ষণে সরকারের ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে নৌপুলিশ মাঠে থাকবে। নিষেধাজ্ঞার সময় নদীতে ইলিশ শিকার বন্ধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি ইলিশ পরিবহন, মজুত ও বাজারজাতের বিষয়েও নজরদারি করা হবে।
তিনি বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে দেশের ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে জেলেরা আরও বেশি ইলিশ আহরণ করতে পারবেন। তাই নিষেধাজ্ঞার সময় জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালে নদীপথে নৌযান চলাচল ও মাছ ধরার কার্যক্রমের ওপর বিশেষ নজরদারি রাখা হবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইলিশ শিকার, পরিবহন, মজুত বা বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নৌপুলিশের পক্ষ থেকে জেলেদের নিষেধাজ্ঞার ২২ দিন নদীতে না নামার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মা ইলিশ সংরক্ষণে প্রশাসন, নৌপুলিশ, মৎস্য বিভাগ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টায় এ কার্যক্রম সফল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।



















