চাঁদপুর জেলায় মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনী ফরিদগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় পৃথক দুইটি সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে দুই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মাদকদ্রব্যসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর নেতৃত্বে চলমান এই বিশেষ অভিযানের সূত্রপাত হয় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে। এরপর থেকেই জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে যৌথ অভিযান পরিচালনা করে আসছে বাহিনী।
সর্বশেষ ২৫ জুলাই রাত ১২টা ২৫ মিনিটে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের অধীন একটি বিশেষ অভিযানে উপজেলার খাজুরিয়া এলাকা থেকে আলাউদ্দিন ভূইয়া (৪৬) নামে একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ১১ পিস ইয়াবা, ৩টি ধারালো ছুরি, ৪টি গ্যাস লাইট এবং ২টি ফয়েল পেপার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আলাউদ্দিনকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়, এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
একই দিন রাত ১০টা ৩০ মিনিটে আরেকটি অভিযান পরিচালিত হয় শাহরাস্তি উপজেলার পশ্চিম উপলতা এলাকায়। হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মোঃ দিদারুল আলম তুহিন (৩৮) নামের আরও একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা। পরে তাকে শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়, যেখানে তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
জেলা জুড়ে মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা বজায় রাখায় স্থানীয় প্রশাসন ও জনসাধারণ যৌথ বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন পদক্ষেপে জেলায় মাদক ও অপরাধ প্রবণতা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।




















