চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পারিবারিক কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার ৪ এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গত ২৩ মার্চ ২০২৬ তারিখে ফরিদগঞ্জ থানাধীন গুপ্টি (জমাদ্দার বাড়ি) এলাকায় পারিবারিক কবরস্থানের জায়গায় গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষে রূপ নিলে আলী হায়দার মজুমদার (৬২) মারধরের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে ফরিদগঞ্জ থানায় ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং-৪৩, তারিখ ২৫ মার্চ ২০২৬, ধারা ৩০২/৩৪/১১৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়।
মামলার পর তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ২৭ মার্চ পরিচালিত অভিযানে মামলার এজাহারনামীয় ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ইসমাইল হোসেন (৪২), মোঃ ফয়েজ (৩৮), হাজেরা বেগম (৬০) এবং মোসাঃ ফাতেমা বেগম ওরফে দুলালী (৪০)। তারা সবাই ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি (জমাদ্দার বাড়ি) এলাকার বাসিন্দা।
অভিযানকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




















