রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও শোকের মধ্যে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজে নেতিবাচক বার্তা যাবে।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী জানান, মামলার তদন্ত দ্রুত শেষ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “রামিসার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। বিচার দ্রুত সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।”
আইনমন্ত্রী জানান, অফিসে এসেই তিনি ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত তদন্ত শেষ করার তাগিদ দিয়েছেন। একইসঙ্গে স্বরাষ্ট্র সচিবের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
রামিসার বাবার হতাশার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পারলেই সেটাই হবে আমাদের সবচেয়ে বড় জবাব।”

এ ধরনের ঘটনা সমাজের জন্য ভয়াবহ উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, “রামিসা কিংবা মাগুরার আছিয়ার মতো ঘটনাগুলো আমাদের মানবিক মূল্যবোধকে নাড়িয়ে দেয়। এসব অপরাধ কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, এর আগে আছিয়া হত্যা মামলায় মাত্র সাত দিনের মধ্যে চার্জশিট এবং এক মাসের মধ্যে বিচারকাজ সম্পন্ন হয়েছিল। রামিসা হত্যার বিচারও একইভাবে দ্রুত শেষ করার চেষ্টা চলছে।
আইনমন্ত্রী জানান, মামলাটির বিচার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হবে। আদালতের স্বাধীনতা বজায় রেখেই সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে বলেও উল্লেখ করেন তিনি।
রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, “ধর্ষণ কিংবা এ ধরনের গুরুতর ফৌজদারি অপরাধ কোনো অবস্থাতেই রাজনৈতিক মামলা হিসেবে বিবেচিত হবে না।”
উল্লেখ্য, মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানাকে আটক করা হয়েছে।
আরকে/ সাইফ




















