বগুড়ার সোনাতলায় একটি কিন্ডারগার্টেন (কেজি) স্কুলের টিনশেড ঘর থেকে ছয়টি সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও তথ্য দিয়ে সহযোগিতা করলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলে।
স্কুল কর্তৃপক্ষ জানায়, গত ২৬ সেপ্টেম্বর শনিবার দিবাগত গভীর রাতে কোনো এক সময় চোরেরা স্কুলের টিনশেড ঘরে প্রবেশ করে ছয়টি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়। পরদিন ২৭ সেপ্টেম্বর সকালে স্কুলের কর্মচারীরা এসে ফ্যানগুলো দেখতে না পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান।
পরে স্কুলের পরিচালক এটিএম রেজাউল করিম মানিক ঘটনাটি জানতে পেরে সোনাতলা থানা পুলিশকে অবহিত করেন। এটিএম রেজাউল করিম মানিক বলেন, এর আগেও আমাদের স্কুল থেকে ফ্যান চুরির ঘটনা ঘটেছে। এবারও ছয়টি ফ্যান চুরি হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আমরা চাই, তদন্তের মাধ্যমে চুরি হওয়া ফ্যানগুলো উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, স্কুল কর্তৃপক্ষ তাকে বিষয়টি জানিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার
এদিকে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে স্কুল কর্তৃপক্ষ মাইকিং করে প্রচারণা করবে । চোরকে শনাক্ত বা ধরিয়ে দিতে সহায়তা করতে পারলে তথ্যদাতাকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।
স্কুল কর্তৃপক্ষ আশা করছে, পুলিশ দ্রুত তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করবে এবং চুরি হওয়া ছয়টি সিলিং ফ্যান উদ্ধার করবে।
সোনাতলায় কেজি স্কুলের ৬ ফ্যান চু’রি, তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা
-
ডেস্ক নিউজ - আপডেট : ০২:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- 33
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















