চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের কচুয়া উপজেলার দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে মোটরসাইকেলে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন—কচুয়া উপজেলার রহিমানগর বাজারসংলগ্ন সাহারপাড় গ্রামের বাসিন্দা মাহি ও ফিরোজ আহমেদ তাওহীদ। তারা দুজন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। শৈশব থেকেই একই গ্রামে একসঙ্গে বেড়ে ওঠা দুই বন্ধুর এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, মঙ্গলবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় তাদের মোটরসাইকেলকে একটি দ্রুতগতির ট্রাক চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই বন্ধু।
দুই বন্ধুর একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গে পথচলা—আর সেই পথেই একই দুর্ঘটনায় একসঙ্গে পৃথিবীর মায়া ত্যাগ করার ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক।
দুর্ঘটনার খবর সাহারপাড় গ্রামে পৌঁছালে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম শুরু হয়। তাদের অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও পরিচিতজনরা।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তাদের অকাল মৃত্যুতে পুরো সাহারপাড় গ্রামজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে নিহতদের স্বজনদের পক্ষ থেকে থানায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
কচুয়ার একই গ্রামে বেড়ে ওঠা দুই বন্ধুর মৃ”ত্যু হলো একই সড়ক দুর্ঘটনায়
-
ডেস্ক নিউজ - আপডেট : ০১:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- 647
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















