চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিম আক্তার ইভা নামের দশ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে পৌরসভাধীন রান্ধুনীমূড়া এলাকার অনি-রনি ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটি নানির সাথে রাস্তা পার হতে গিয়ে ট্রাকার নিচে চাপা পড়ে শিশুটি মারা যায়। সে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ রায়চোঁ মুন্সী বাড়ির মো. ইমান হোসেনের মেয়ে ও স্থানীয় হযরত উমর বিন খাত্তাব (রা.) মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, এদিন সকালে নানির সাথে পাশবর্তী এলাকায় নানার বাড়িতে যাচ্ছিলেন শিশু মিম আক্তার ইভা। এসময় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে পৌরসভাধীন রান্ধুনীমূড়া এলাকার অনি-রনি ব্রিকসের সামনে রাস্তা পার হতে গিয়ে শিশুটি হঠাৎ করে দেয় দৌঁড় দেয়।
তাৎখনিক বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের (মাঝারি ট্রাক) নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ দুর্ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক এবং পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসেন।
স্থানীয় হযরত উমর বিন খাত্তাব (রা.) মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. রবিউল আউয়াল বলেন, শিশু মিম চতুর্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী। একদিন পরেই ঈদ (ঈদুল আজহা)। সবাই উৎসবমুখর পরিবেশ পরিবেশে দিন কাটাচ্ছে। অথচ এই সময়ে শিশুটির পরিবারে শোকাহত।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান জানান, পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাকটি পুলিশি হেফাজতে আছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরকে/ সাইফ




















