চাঁদপুরের শাহরাস্তিতে হঠাৎ কালবৈশাখীর তান্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি বিধ্বস্ত, গাছপালা উপড়ে পড়া, ফসল ও সবজিখেত নষ্ট হওয়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তীব্রতায় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহরাস্তি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিজমেহার পূর্বপাড়া চাঁদগাজী বাড়িতে প্রবাসী ইমরান হোসেনের বসতঘরের ওপর একটি বিশাল গাছ ভেঙে পড়লে মুহূর্তেই দুটি ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত বেরিয়ে আসতে পারায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। একইভাবে চিতোষী পশ্চিম ইউনিয়নের নুনিয়া ব্যাপারি বাড়ির দিনমজুর আবু বকর সিদ্দিক এবং নিজমেহার মিয়াজী বাড়ির মনি বেগমের ঘরবাড়িও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শাহরাস্তির পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নিজাম উদ্দিন শামস্ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাঁদপুর পল্লী বিদ্যুতের জিএম ঈদের ছুটিতে থাকা সব মাঠকর্মীকে ছুটি বাতিল করে কাজে যোগদানের নির্দেশ দিয়েছেন। সবার কাছে এ-সংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে বুধবার সকালে আকস্মিক ঝড়ে উপজেলা জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝড়ে প্রায় ৫০ থেকে ৬০টির অধিক স্থানে গাছ পড়ে তার ছিঁড়ে যায়। এছাড়া বেশ কয়েকটি খুঁটি ভেঙে গেছে বলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ইউএনও মনিরা খাতুন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি সহায়তা বিতরণ শুরু হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।
এদিকে সকাল ৯টা থেকে উপজেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রাতের মধ্যে বেশ কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে জানা গেছে।
আরকে/ সাইফ




















