চাঁদপুরের ফরিদগঞ্জে অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩১ মে) বিশ্বস্ত গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানা পুলিশ মদনেরগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। দুপুর আড়াইটার দিকে মদনেরগাঁও পাটওয়ারী বাড়ির মিঠুন পাটওয়ারীর বসতঘরের সামনের ফাঁকা স্থান ও রান্নাঘরে তল্লাশি চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় মাদকদ্রব্যের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মিঠুন পাটওয়ারী (৩৫), খাদেমুল ইসলাম বাবু (৩৭), মনির শেখ (২৮) ও আনিছুর রহমান (২২)-কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে অভিযানের পর স্থানীয় একটি কুচক্রী মহল ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে বলে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে পুলিশ। ফরিদগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রকৃতপক্ষে অভিযানে ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।
পুলিশ আরও জানায়, এ ধরনের অপপ্রচার মাদকবিরোধী অভিযান এবং আইন-শৃঙ্খলা বাহিনীর স্বাভাবিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পাশাপাশি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে।
ফরিদগঞ্জ থানা পুলিশ জনসাধারণকে গুজবে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য গ্রহণের আহ্বান জানিয়েছে।




















