সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা বা নিরাপত্তাহীনতা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের জবাবদিহিতা প্রতিষ্ঠার অন্যতম প্রধান হাতিয়ার। তাই সাংবাদিকদের কাজের পরিবেশ নিরাপদ ও স্বাধীন রাখা সবার দায়িত্ব।
সোমবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় আদ্-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্য উপদেষ্টা বলেন, “আমি যতটুকু শুনেছি, তাতে মনে হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। বিষয়টি সত্য হলে আমি বিস্তারিত খোঁজ নেব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে।”
তিনি আরও বলেন, “গণমাধ্যমের মূল দায়িত্ব হলো জনগণের সামনে সত্য ও তথ্যভিত্তিক বিষয়গুলো স্বচ্ছভাবে তুলে ধরা। সাংবাদিকরা সেই দায়িত্ব পালন করেন বলেই সমাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় থাকে। তাই তাদের কাজে সহযোগিতা করা রাষ্ট্র, প্রতিষ্ঠান ও সমাজের সকল অংশের দায়িত্ব।”
তথ্য উপদেষ্টা সতর্ক করে বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো অনৈতিক বাধা সৃষ্টি করা হলে সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে।
তিনি বলেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী বারবার জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন। সেই নীতির আলোকে সাংবাদিকদের কাজে বাধা বা হামলার মতো ঘটনাগুলোকে সরকার গুরুত্বের সঙ্গে মূল্যায়ন ও পর্যালোচনা করবে।
সাংবাদিক মহল মনে করছে, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকারের এ ধরনের অবস্থান সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
গণমাধ্যমের কাজে বাধা দিলে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:০২:৪১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- 52
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















