সংসারের সুখ-স্বপ্ন গড়তে হাজার মাইল দূরের সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন দুই বন্ধু হারুন ও রাসেল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে জীবিকার সন্ধানে যাওয়া সেই দুই যুবক এখন ফিরছেন নিথর দেহ হয়ে। সৌদি আরবের রাজধানী রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার এই দুই প্রবাসী।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন হারুন ও রাসেল। গত রাতে মোটরসাইকেলে করে রিয়াদের একটি সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি উটের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সংবাদ দেশে পৌঁছানোর পর থেকেই উত্তর হামছাদী এলাকায় শোকের মাতম শুরু হয়। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। একই এলাকার বাসিন্দা ও ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় তাদের মৃত্যু আরও গভীর বেদনার সৃষ্টি করেছে।
নিহত হারুনের বাবা তছলিম উদ্দীন ছৈয়াল কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলে বিদেশে গিয়েছিল পরিবারের মুখে হাসি ফোটাতে। কখনো ভাবিনি সে লাশ হয়ে ফিরবে। সরকারের কাছে আবেদন, দ্রুত যেন তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়।”
এলাকাবাসী জানান, হারুন ও রাসেল শুধু প্রতিবেশীই ছিলেন না, ছিলেন একে অপরের সুখ-দুঃখের সাথী। তাদের একসঙ্গে মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, প্রবাসী দুই যুবকের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিতে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে সরকারি নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক সহায়তার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
স্থানীয়দের দাবি, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সৌদি আরবে উটের সাথে মোটরসাইকেলের ধাক্কা লক্ষ্মীপুরের দুই প্রবাসী বন্ধু নি”হ”ত
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- 76
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















