কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বিআরটিএ সরবরাহকৃত নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ছাড়া আইদি পরিবহনের একটি যাত্রীবাহী বাস চলতে দেখা গেছে। গত সোমবার (১ জুন) দুপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজারে কুমিল্লা অভিমুখী নম্বর প্লেটহীন বাসটিতে যাত্রী ওঠানামা করতে দেখা যায়।
অথচ সড়কে নম্বর প্লেট ছাড়া বা নিয়ম বহির্ভূতভাবে গাড়ি বা মোটরসাইকেল চালানো সম্পূর্ণ বেআইনি। আইন অমান্য করলে জরিমানা ও ডাম্পিংয়ের আওতায় আনতে পারে পুলিশ। এমনিতেই সড়কটিতে বোগদাদ ও আইদি পরিবহনের প্রতিযোগিতার কারণে দুর্ঘটনার শিকার হয়ে হতাহতের ঘটনা ঘটে।
এর মধ্যে নম্বর প্লেটহীন গাড়ি চলাচল করলে দুর্ঘটনার শিকার কিংবা সড়কে হতাহতের ঘটনায় বাসটি চিহিৃত করা অনেকটা অসম্ভব। তাছাড়া বিআরটিএ থেকে নম্বর বা রেজিস্টেশন না করার ফলে সরকার যেমন একদিকে রাজস্ব হারায়। অপরদিকে অন্য পরিবহনগুলো উৎসাহীত হয় বলে সচেতনমহল মনে করেন।
সরজমিনে ও খোঁজ নিয়ে জানা যায়, এ অঞ্চলের যাত্রীদের কাছে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কটি গুরুত্ব বহন করে। সড়কটিতে কুমিল্লা-চাঁদপুরে যাতায়াতকারীদের জন্য বোগদাদ ও আইদি পরিবহন নামক দুইটি পরিবহন চলাচাল করে। এরমধ্যে সবগুলো বাসে নম্বর প্লেট নিয়ে চলতে দেখা গেছে।
তবে গত ১ জুন, সোমবার নিবন্ধনহীন বা নম্বর প্লেটহীন আইদি পরিবহনের বাসটি দেখে চলাচল করতে দেখে সচেতনমহল যাত্রী সাধারণকে ভাবিয়ে তুলেছে। বাসটির সামনে এবং পেছনে কোন নম্বর প্লেট দেখা যায়নি। এমন একটি গুরুত্বপূর্ণ সড়কে কিভাবে নিবন্ধন ছাড়া বাসটি চলাচল করছে।
বিষয়টি স্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক আইদি পরিবহনের দায়িত্বপ্রাপ্ত একজন জানান, গাড়িটি ইঞ্জিন টেষ্টের (পরীক্ষা) জন্য সড়কে একদিন চলেছে এবং বাসটির চলাচলের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বিআরটিএ’তে জমা দেয়া হয়েছে।
হাজীগঞ্জে কর্মরত ট্রাফিকের উপ-পরিদর্শক মো. ইব্রাহিম খলিল জানান, বিষয়টি আমাদের নজরে আসেনি। তবে পরবর্তীতে এমনটি দেখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসময় এক প্রশ্নে তিনি জানান, ইতিমধ্যে বোগদাদ ও আইদি বাসের নামে ৪ টি মামলা রুজু করা হয়েছে।




















