বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। নবঘোষিত এই কমিটিতে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও ত্যাগী রাজনৈতিক নেতা মোঃ বিল্লাল হোসেন তারেক-কে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই পদে চাঁদপুরের একজন নেতার অন্তর্ভুক্তি জেলাবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয় হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিল্লাল হোসেন তারেক দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন।
নবঘোষিত কমিটিতে আবদুল মোনায়েম (মুন্না) সভাপতি, মোহাম্মদ নূরুল ইসলাম (নয়ন) সাধারণ সম্পাদক এবং রেজাউল কবীর (পল) জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন। এছাড়া মো. কামরুজ্জামান জুয়েল সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ বিল্লাল হোসেন তারেকের এ সাফল্যে বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষ।
চাঁদপুরবাসীর প্রত্যাশা, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিল্লাল হোসেন তারেক তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর এই অর্জন ভবিষ্যতে চাঁদপুরের তরুণ রাজনৈতিক কর্মীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে চাঁদপুরের কৃতি সন্তান বিল্লাল হোসেন তারেক
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৮:৩২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- 75
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















