টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের বাসিন্দা মো. খালিদুল ইসলাম (৩০) এবং তার ১০ বছর বয়সী মেয়ে খাদিজা আক্তার।
পারিবারিক সূত্রে জানা যায়, খালিদুল ইসলাম স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে বেড়াতে যান। পরে দুপুরে পাশের মেরুয়াঘোনা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে শাহদারীপাড়া এলাকায় অটোরিকশা থেকে নামার সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় খালিদুল ইসলামের বুক পকেটে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে আগুন ধরে যায়। এতে তার শার্টও পুড়ে যায়। ঘটনাস্থলেই বাবা ও মেয়ে গুরুতর দগ্ধ হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই বাবা ও মেয়ের মৃত্যু হয়েছিল। তাদের শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বজ্রপাতে মোবাইল ফোনে আ’গু’ন, মর্মান্তিক মৃ”ত্যু বাবা ও মেয়ের
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:৫৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- 1247
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















