রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রোববার (৭ জুন) সকালে ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার আগে সকাল ৮টা ২৫ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে স্বপ্না আক্তারকে এবং পৌনে ৯টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সোহেল রানাকে আদালতে আনা হয়। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতের এজলাসে তোলা হয়।
রায়কে ঘিরে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি আদালত চত্বর ও ট্রাইব্যুনাল এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়। এ সময় গণমাধ্যমকর্মী, আইনজীবী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
গত ৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ৭ জুন দিন ধার্য করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ দুই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছিল। অপরদিকে, আসামিপক্ষ সোহেল রানার জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং স্বপ্না আক্তারের জন্য লঘুদণ্ড প্রার্থনা করে।
মামলার অভিযোগ অনুযায়ী, পল্লবীর একটি বাসায় বসবাসকারী দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার গত ১৯ মে সকালে বাসা থেকে বের হলে স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা স্বপ্নার কক্ষের সামনে রামিসার জুতা দেখতে পান।
ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং একটি বালতির ভেতরে তার বিচ্ছিন্ন মাথা দেখতে পান।
পরে জিজ্ঞাসাবাদে স্বপ্না আক্তার জানান, তার স্বামী সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেছেন।
ঘটনার দিনই রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর স্বপ্নাকে প্রথমে গ্রেপ্তার করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে আটক করে পুলিশ।
পরদিন ২০ মে আদালতে হাজির হয়ে সোহেল রানা ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন। একই দিন স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
রামিসা হ*ত্যা মামলায় স্বামী- স্ত্রীর মৃ*ত্যুদ*ণ্ড
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৫:৩৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- 90
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















