ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক নারীর দাফনের প্রস্তুতিকালে ঘটে গেছে মর্মান্তিক দুর্ঘটনা। কবরস্থানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৮ জুন) সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গ্রামের বাসিন্দা জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।
স্থানীয়দের বরাতে জানা যায়, গ্রামের বাসিন্দা মতি সরকারের স্ত্রীর জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল। এ সময় কবরস্থানে উপস্থিত লোকজন কবর ঢেকে রাখার কাজে ব্যবহৃত একটি স্টেইনলেস স্টিলের (এসএস) শিল্ড সরানোর উদ্যোগ নেন। শিল্ডটি সরানোর একপর্যায়ে সেটি কবরস্থানের ওপর দিয়ে টানা বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে।
মুহূর্তের মধ্যেই বিদ্যুৎ প্রবাহিত হয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি আহত হন। গুরুতর অবস্থায় নুরু মিয়া ও সানাউল্লাহ ঘটনাস্থলেই মারা যান। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
কসবা থানার ওসি (তদন্ত) নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নেয়ামতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।




















