রাজধানীর খালগুলো দখলমুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সব খালের সীমানা চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় ঢাকার বিভিন্ন খাল পুনরুদ্ধার, খনন কার্যক্রম, পানি প্রবাহ সচল রাখা এবং বিদ্যমান সমস্যাগুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। আলোচনা শেষে দুই সিটি করপোরেশনের অধীনে পৃথক দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, যারা খালগুলোর প্রকৃত সীমানা নির্ধারণের কাজ করবে।
কমিটিগুলোতে সিটি করপোরেশন, রাজউক, জেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেডসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকবেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, রাজধানীর খাল, লেক ও জলাধার শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই নয়, নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। সঠিকভাবে এগুলো সংরক্ষণ করা গেলে জলাবদ্ধতা সমস্যাও অনেকাংশে কমানো সম্ভব।
তিনি আরও বলেন, বর্ষা মৌসুমের আগে খালগুলো পরিষ্কার ও সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ কাজে সরকার প্রয়োজনীয় অর্থায়ন, জনবল এবং প্রশাসনিক সহায়তা প্রদান করবে।
প্রতিমন্ত্রীর মতে, ঢাকার খাল পুনরুদ্ধারের কার্যক্রম সফল করতে হলে প্রথমেই প্রতিটি খালের সঠিক সীমানা নির্ধারণ নিশ্চিত করা জরুরি। এর মাধ্যমে খাল দখল ও অবৈধ স্থাপনা চিহ্নিত করাও সহজ হবে।
খাল পুনরুদ্ধারে সেনাবাহিনীসহ একাধিক সংস্থা, সীমানা নির্ধারণে বিশেষ উদ্যোগ
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট : ০৬:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- 110
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















