চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪ নম্বর ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাময়িক বরখাস্ত হওয়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুরের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের ৪ জুন ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে চেয়ারম্যান আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফলে ইউনিয়ন পরিষদের জনসেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে স্থানীয় সরকার বিভাগের পূর্বে জারি করা পরিপত্রের আলোকে চেয়ারম্যানের অনুপস্থিতিতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, ফরিদগঞ্জকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এ আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
এর ফলে প্রশাসক হিসেবে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম ও আর্থিক বিষয়াদি পরিচালনা করবেন।
ফরিদগঞ্জ ১৪ নং দক্ষিণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৯:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- 63
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















